বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যান্ড লিডারশিপ ফোরামের উদ্বোধন

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বিবিএ (BBA) বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বান্দরবান ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড লিডারশিপ ফোরাম (BUBLF)’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর মোঃ জসীম উদ্দীন খান, বিবিএ বিভাগের কো-অর্ডিনেটর জনাব চিং চি প্রু সুকি, বিভাগের প্রভাষক নুং নুং এ লিজা, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়া, এডমিশন অফিসার জনাব মোহাম্মদ বশির উল্লাহ এবং বিবিএ বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বান্দরবান ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড লিডারশিপ ফোরাম-এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি অর্জন, ব্যবসায়িক চিন্তাভাবনা বিকাশ এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; একজন শিক্ষার্থীকে নেতৃত্ব, ব্যবসায়িক দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

রেজিস্ট্রার প্রফেসর মোঃ জসীম উদ্দীন খান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান, নেতৃত্বের দক্ষতা ও ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এই ফোরামের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নতুন ধারণা সৃষ্টি এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাননীয় উপাচার্য ও সম্মানিত রেজিস্ট্রারকে বান্দরবান ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড লিডারশিপ ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে ফোরামের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক জ্ঞান, নেতৃত্বের দক্ষতা, উদ্যোক্তা মানসিকতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের বাস্তবমুখী বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ ফোরাম গঠন করা হয়েছে।

আরও পড়ুন