শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এখন থেকেই প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি। তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের অন্তত দ্বিতীয় একটি ভাষা (বিদেশি ভাষা) শেখানো হবে। যাতে উচ্চশিক্ষা বা জীবিকার তাগিদে প্রবাসে গেলে ভাষার দক্ষতার অভাবে তারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন।
শনিবার (১৮ জুলাই) বিকালে দোহাজারী পৌরসভার হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, “বিশ্বায়নের এই যুগে শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না, আন্তর্জাতিক বাজারে টিকে থাকার যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের অনেক তরুণ প্রবাসে গিয়ে শুধু ভাষা না জানার কারণে ভালো কাজ পান না এবং নানাবিধ বৈষম্যের শিকার হন। এই সংকট দূর করতে স্কুল-কলেজ পর্যায় থেকেই ছাত্রছাত্রীদেরকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনো একটি ভাষা শেখানোর ওপর জোর দেওয়া হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বদ্ধপরিকর। শিক্ষার্থীরা যদি মাতৃভাষার পাশাপাশি ইংরেজি, আরবি, জাপানি কিংবা চায়নিজ ভাষার মতো কোনো একটি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে, তবে বৈশ্বিক কর্মক্ষেত্রে তাদের চাহিদা বহুগুণ বেড়ে যাবে।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তছলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফৌজুল করিম চৌধুরী।
সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী ও প্রাক্তন শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান জিহাদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মাহফুজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দীন মাষ্টার, বিএনপি নেতা হেলাল উদ্দিন, সোহেল উদ্দিন, আকতার উদ্দীন, আব্দুল মাজেদ।
এসয় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকম মোজাম্মেল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মারুফ, সাইফুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইখতিয়ার উদ্দিন, বিএনপি নেতা মোরশেদুল আলম চৌধুরী, দোহাজারী পৌরসভা যুবদল আহবায়ক মোহাম্মদ ইফতিয়ার উদ্দিন সুমন, ইয়াসিন আরফাত পয়েল, মোহাম্মদ ফরিদ, দোহাজারী পৌরসভা ছাত্রদল নেতা ফয়সাল মাহমুদ অভি, ইউসুফ, মিজান, সালমান সহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
পরে বিদ্যালয়টির অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করে শীঘ্রই তা সমাধানের আশ্বাস দেন এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাছনদন্ডীর পাঁচ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন এমপি জসীম উদ্দীন।