বাঁশখালীতে মাদরাসাশিশুকে বলাৎকার; গ্রেপ্তার প্রধান শিক্ষক

চট্টগ্রামের বাঁশখালীতে আট বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম মুহাম্মদ রমিজ উদ্দীন (৩১)। তিনি স্থানীয় একটি মাদরাসার প্রধান শিক্ষক।

সোমবার দুপুরে আনোয়ারা থানার কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোড এলাকার বৈরাগ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রমিজ উদ্দীন বাঁশখালী উপজেলার উত্তর সরল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

র‍্যাব ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকার বাসিন্দা। ছয়-সাত মাস আগে সে বাঁশখালী দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদরাসা ও এতিমখানার নাজেরা বিভাগে ভর্তি হয়। স্বজনদের অভিযোগ, শিশুটি ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে মাদরাসার ওয়াশরুমে নিয়ে তাকে বলাৎকার করে আসছিলেন প্রধান শিক্ষক রমিজ উদ্দীন।

সূত্রে জানা যায়, সর্বশেষ গত ২৩ জুলাই বিকেলে অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে ওই শিশুকে এতিমখানার হেফজ বিভাগের দোতলার একটি কক্ষে ডেকে নিয়ে আবারও বলাৎকার করা হয়। ঘটনাটি কাউকেই না বলতে শিশুটিকে হুমকিও দেওয়া হয়।

পরবর্তী সময়ে শিশুটি বাড়িতে গিয়ে মাদরাসায় আর যাবে না বলে কান্নাকাটি শুরু করে। পরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে সে। এ ঘটনায় ২৯ জুলাই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন