লোহাগাড়ায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ কৃষকের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলম ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিতে চাষাবাদ শেষে ট্রাক্টরটি রাস্তায় ওঠার সময় অসাবধানতাবশত আব্দুল আলমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ থানায় নিয়ে যায়।

লোহাগাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।