দোহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারকে শামসুদ্দিন সওদাগরের ত্রাণ ও নগদ অর্থ সহায়তা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মো. শামসুদ্দিন সাওদাগর। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক চট্টগ্রাম জেলার দীর্ঘমেয়াদি ও বারবার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়া এই দানবীর শনিবার (১৯ জুলাই) সকালে দুই হাজার ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর, রিকশাচালকসহ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

​দোহাজারী পৌরসভার হাজারী দিঘির পাড়স্থ তাঁর নিজ বাড়িতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

​সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকেই দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার মানুষ হাজারী দিঘির পাড়ে জড়ো হন। দুর্যোগের এই কঠিন সময়ে হাতে ত্রাণের প্যাকেট এবং পকেটে নগদ অর্থ পেয়ে অনেকের চোখেই আনন্দের অশ্রু দেখা যায়। ত্রাণ নিতে আসা একাধিক দিনমজুর ও রিকশাচালক বলেন, “বন্যায় কাজ বন্ধ হয়ে ঘরে উনুন জ্বলছিল না। এই বিপদের দিনে শামসুদ্দিন সাওদাগর সাহেব আমাদের পাশে দাঁড়িয়ে আল্লার রহমত হয়ে এসেছেন। আমরা তাঁর ও তাঁর পরিবারের দীর্ঘায়ু কামনা করি।”

​ত্রাণ বিতরণকালে আবেগঘন কণ্ঠে আলহাজ্ব মো. শামসুদ্দিন সাওদাগর বলেন, ​”আমি কোনো প্রচারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের পাশে দাঁড়াই। বিগত ৪৫ বছর ধরে দোহাজারীর যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এবারের ভয়াবহ বন্যায় মানুষের কষ্ট দেখে আমি ঘরে বসে থাকতে পারিনি।” তিনি সমাজের অন্যান্য বিত্তশালী ও সামর্থ্যবান ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

​ত্রাণ বিতরণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব শামসুদ্দিন সাওদাগরের সুযোগ্য সন্তান আলহাজ সেলিম উদ্দিন ও আলহাজ করিম উদ্দিন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

উপস্থিত সুধীজন বলেন, শামসুদ্দিন সাওদাগরের মতো সমাজের শীর্ষ ব্যবসায়ীরা এভাবে এগিয়ে এলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা অনেক সহজ হয়ে যায়।