টানা ৭ দিনের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন’। বন্যার শুরু থেকেই দুর্গত এলাকায় সক্রিয় থাকা এই সংগঠনটির উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পরেও থেমে নেই তাদের এই মানবিক কর্মযজ্ঞ।
গত শনিবার দোহাজারী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং হাছনদন্ডী এম. রহমান মতিউর রহমান ফাজিল মাদ্রাসা মাঠে সুশৃঙ্খলভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম উপস্থিত থেকে নিজ হাতে দুর্গত মানুষের মাঝে এই ত্রাণ ও অর্থ সহায়তা তুলে দেন।
এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম বলেন, “দোহাজারীর এই চরম সংকটের সময়ে কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিল এবং আগামীতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দোহাজারী প্লাবিত হওয়ার পর পরই মাঠে নামেন সাবেক মেয়র লোকমান হাকিম। তিনি প্রতিটি ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক জরুরি ত্রাণ সহায়তা শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার ৫ নম্বর ওয়ার্ডে এই বৃহৎ ত্রাণ কার্যক্রম চালানো হয়। ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯ হাজার পরিবারের মাঝে ইতিমধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম এখনও চলমান।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন নিরবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও একঝাঁক স্বেচ্ছাসেবী।
ভয়াবহ বন্যার এই দুঃসময়ে ঘরে ঘরে খাদ্য ও নগদ অর্থ পৌঁছে দেওয়ায় ‘মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন’ ও সাবেক মেয়রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।