ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে বিস্ফোরক মামলার আসামী আওয়ামীলীগ নেতার শ্যালক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আওয়ামীলীগ নেতার শ্যালক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও বিষ্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামী।

বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ-বিন-আখন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অভিযুক্তের নাম এস এম চিশতী। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরবেশহাট এলাকার আনোরুল ইসলামের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম মামুনের শ্যালক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী ও আওয়ামীলীগ নেতার স্বজনকে উপজেলা ক্রীড়া সংস্থার মত এমন গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮এর ধারাঃ২(৪) ও ৮ অনুযায়ী পরিষদের পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চলতি বছরের ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ-বিন-আখন্দকে সভাপতি ও কুতুব উদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠণ করা হয়।

উক্ত এডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠণতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার কথা বলা হয়। কিন্তু এডহক কমিটি কোন ধরণের নির্বাচন আয়োজন না করে হঠাৎ ৭ জুলাই ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করে।

ওই কমিটিতে সভাপতি পদে পদাধিকার বলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ-বিন-আখন্দকে সভাপতি ও জুলাই আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার আসামী, আওয়ামীলীগ নেতার শ্যালক এস এম চিশতীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এস এম চিশতী চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের ভয়ংকর গ্রুপ ‘এম’(মাহমুদুল করিম) ফোর্সের সক্রিয় সদস্য ছিলেন। তিনি সাবেক লোহাগাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এস. এম মামুনের শ্যালক। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ২০২৪ সালের ২রা অক্টোবর লোহাগাড়া সদরের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তিনি ৭৪ নম্বর এজাহারভুক্ত আসামী। ওই মামলায় তিনি গত বছরের ১২ নভেম্বর গ্রেফতার হন এবং প্রায় ১ মাস পর জামিনে মুক্তি পান।

লোহাগাড়া এডহক কমিটির সদস্য সচিব কুতুব উদ্দিন বলেন, উপজেলা ক্রীড়া সংস্থার কমিটির নির্বাচন নিয়ে কোন ধরণের মিটিং হয়নি। তিনি এবিষয়ে কিছুই জানেন না।

অভিযুক্ত এস এম চিশতী বলেন, সব ধরনের শর্ত পূরণ করে তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। জুলাই আন্দোলনে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আসামী করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ-বিন-আখন্দ বলেন, তিনি জুম মিটিং এ আছেন। বিষয়টি দেখবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এবিষয়ে খোঁজখবব নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন