সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এরই ধারাবাহিকতায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত ও পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধসহ জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত কয়েকদিন ধরে দোহাজারী পৌরসভার দুর্যোগকবলিত বিভিন্ন এলাকা ঘুরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার স্থানীয় নেতাকর্মীদের যৌথ উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দোহাজারী পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েন হাজারো মানুষ। এই পরিস্থিতিতে ইসলামী ফ্রন্টের ত্রাণবাহী দল প্রত্যন্ত ও নিম্নাঞ্চলে গিয়ে পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়। আকস্মিক এই সহায়তা পেয়ে বানভাসি মানুষের মুখে স্বস্তির হাসি দেখা গেছে।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “মানবসেবাই ইসলামের মূল শিক্ষা। সংকটের এই মুহূর্তে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের সকল বিত্তবান ও রাজনৈতিক সংগঠনকে যার যার অবস্থান থেকে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দোহাজারী পৌরসভার সভাপতি ডা. কলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান, অর্থ সম্পাদক ডা. ইমরান হোসাইন, দোহাজারী পৌরসভা যুবসেনা সাধারণ সম্পাদক জাবেদ আহমদ খান জাকি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দোহাজারী পৌরসভার সাবেক সভাপতি আনোয়ার হোসাইন, যুবনেতা মুহিম বাদশা
ছাত্রসেনার সাধারাণ সম্পাদক সাইমন হাছান জিকু সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্রসেনার দোহাজারী পৌরসভার নেতাকর্মীবৃন্দ।
ইসলামী ফ্রন্টের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক সমাজ ও সাধারণ জনগণ। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সংগঠনটি এভাবে সাধারণ মানুষের পাশে থাকবে।