লোহাগাড়ায় বিএনপি নেতার ত্রাণ সহায়তা

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক ও পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন।

শনিবার (১১ জুলাই) দুপুরে পদুয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পদুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক পরিবারের বসতঘরে পানি ঢুকে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির ঘর, গ্রামীণ সড়ক ও কৃষিজমি। দীর্ঘদিন পানিবন্দি থাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসংকট ও দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

ত্রাণ বিতরণকালে মো. জসিম উদ্দিন বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে দ্বিতীয় ধাপে ত্রাণ সহায়তা নিয়ে তাদের কাছে এসেছি। আমার সামর্থ্য অনুযায়ী যতদিন প্রয়োজন, ততদিন অসহায় মানুষের পাশে থাকব।

আমি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও আহ্বান জানাই, সবাই যেন বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসেন।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। মানুষের দুঃসময়ে পাশে থাকাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
ত্রাণ বিতরণকালে পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক হোসেন বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মতো পদুয়া ইউনিয়নেও ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং অনেকের ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে ব্যক্তি উদ্যোগে দ্বিতীয় ধাপের এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন মো. জসিম উদ্দিন।

আরও পড়ুন