চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা ভাণ্ডালজুড়ি খালের পাহাড়ের ঢলে দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে জ্যৈষ্ঠপুরা এলাকায় ভাণ্ডালজুড়ি খালের লেচু বারিচা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিখোঁজ দিদার আলম হৃদয় বোয়ালখালী উপজেলার পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত ইলিয়াছের পুত্র।হৃদয় পাহাড়ে বাগান শ্রমিক হিসেবে দিনমজুরি করে সংসার চালায়। সকালে কাজে যাওয়ার জন্য খাল পার হতে গিয়ে পাহাড়ি ঢলে তলিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন,ভারী বৃষ্টিপাতের কারণে খাল দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পারাপার হওয়ার সময় হৃদয় ভেসে যায়। ‘
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন,নিখোঁজ যুবকের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম যৌথ ভাবে কাজ করছে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।