চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুঃস্থ-অসহায়, হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
গত সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে ব্যক্তিগত তত্ত্বাবধানে হতদরিদ্র ৩০ টি পরিবারের হাতে সরকারি এই খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব প্যাকেটে ছিল প্যাকেটজাত চাউল, মশুর ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ ও মশলা সহ দৈনন্দিন প্রয়োজনীয় শুকনো খাদ্য উপকরণ।
এসময় বরমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ বাইনজুরী মহাজন পাড়ার বাসিন্দা হতদরিদ্র সুকুমার-স্বপ্না দম্পত্তির জরাজীর্ণ বসতঘর পরিদর্শন করে তাদেরকে শুকনো খাবার প্রদান শেষে ঘরটি বসবাস উপযোগী করতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন ইউএনও মো. রাজিব হোসেন।
এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঞা।
বিতরণ কার্যক্রম চলাকালে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, “সমাজের যে কোনো বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।”
শুকনো খাবার পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনেকেই জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।