চট্টগ্রামের আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ জুঁইদন্ডী গ্রামের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের (সাবেক মুজিব কিল্লা) ইন্সট্যান্ট পাওয়ার সাপ্লাই (আইপিএস) ইভনভার্টর ও ব্যাটারী রাতের আধারে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে চুরির ঘটনায় অজ্ঞাত উল্লেখ করে লিখিত অভিযোগ করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা।
এর আগে গত বুধবার (১অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ জুঁইদন্ডী গ্রামে চুরির এঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে মালামাল উদ্ধারের চেষ্টা করছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি।
আশ্রয় কেন্দ্রের দায়িত্বরত ও স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্ননবী বলেন, আশ্রয় কেন্দ্রে বিদ্যুৎ ব্যবস্থা জন্য ৮টি ব্যাটারীসহ একটি সোলার সিস্টেম আইপিএস ছিল।কয়েকদিন আগে স্থানীয় যুবদল নেতা সুমন ও ফোরকানসহ কয়েকজন মিলে তাদের ঠিকাদারীর শ্রমিক থাকার জন্য আশ্রয় কেন্দ্রের একটি চাবি সংগ্রহ করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমি স্থানীয় ছেলেদের কাছে জানতে পারলাম সুমন ও ফোরকান ব্যাটারীসহ আইপিএস নিয়ে গেছে। পরে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা দুইটি ব্যাটারী ও একটি ইনভার্টর দিয়ে যায়। বিষয়টি আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসসহ বিভিন্নজনকে জানিয়েছি। অভিযুক্তরা তারা জুঁইদন্ডী ২ নম্বর ওয়ার্ডের জহির সিকদার বাড়ির বাসিন্দা।
তবে সুমনের মুঠোফোনে কলদিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে সাংবাদিক পরিচয়ে কেটে দেন পরে কলদিয়ে চুরির বিষয়টি অস্বীকার করেন এবং এঘটনায় কোন প্রকার জড়িত নয় বলে জানান।
স্থানীয় গ্রাম পুলিশ মো. হেফাজ জানান, এই কক্ষে তালা লাগানো ছিল, কক্ষের চাবি ছিল স্থানীয় ইউপি সদস্য নুরুন্ননবীর কাছে। মালামাল চুরির পরও কক্ষে তালা লাগানো অবস্থায় ছিল। তাহলে কিভাবে চুরি হতে পারে জানিনা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি বলেন, অফিস বন্ধকালীন সময়ে চুরির এ ঘটনা ঘটেছে। আমি লিখিত ভাবে একটি অভিযোগ করেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছি। মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বলেন, চুরির বিষয়ে আমরা থানায় অভিযোগ করেছি। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।