চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুহাম্মদ শাহা আলম অন্তর (২০) নামে এক কলেজ ছাত্র পুকুরে ডুবে মারা গেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
অন্তর স্থানীয় মুহাম্মদ মানিক প্রকাশ পুলিশ মানিকের ছেলে। সদ্য কলেজ শেষ করে অনার্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। পরিবার ও আত্মীয়স্বজনের গর্ব ছিল অন্তর।
পারিবারিক সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে বাড়ির ছোটদের সঙ্গে গোসল করতে নামে অন্তর। হঠাৎ পানির নিচে তলিয়ে গেলে শুরু হয় হাহাকার। আধা ঘণ্টা চেষ্টা শেষে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
অন্তরের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাবা-মায়ের কান্নায় ভেঙে পড়েছে বাড়ি-ঘর। গ্রামের মানুষ বলছে এক সম্ভাবনাময় তরুণকে হারিয়ে তারা যেন আলোহীন হয়ে গেছে।