আলেমদের মিলনমেলায় মুখরিত ছিল সন্দ্বীপ কমিউনিটি সেন্টার। জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা শাখার আয়োজনে (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক মাদ্রাসার পরিচালক ও সিনিয়র ওলামায়ে কেরাম সমবেত হন।
সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের উপজেলা আহ্বায়ক মাওলানা আবু বক্কর ছিদ্দিক।
প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শামসুদ্দোহা আশরাফী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন।
আলেমদের উদ্দেশে অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “আমাদের দ্বীনের পতাকা উঁচু রাখতে হলে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। জাতি আজ আপনাদের দিকনির্দেশনার অপেক্ষায়। সন্দ্বীপের মানুষ ইসলামের শিক্ষা, নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠায় আপনাদের পাশে চায় আমাকে। আমি রাজনীতিতে এসেছি ক্ষমতার জন্য নয়, বরং দ্বীনের খেদমত ও এলাকার মানুষের কল্যাণের জন্য।”
তিনি আরও বলেন, “সন্দ্বীপের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী আদর্শকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আলেমদের দোয়া ও সহযোগিতা আমার জন্য সবচেয়ে বড় শক্তি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের চট্টগ্রাম পশ্চিম জেলার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ বিন ফারুকী। সম্মেলন সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া বক্তব্য রাখেন সন্তোষপুর হোসাইনিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব, দারুল জান্নাহ মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আহম্মেদসহ বেশ কয়েকজন শীর্ষ আলেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি নুর হোসাইন, মুফতি নুরুল আবসার, মাওলানা আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহিদুল ইসলাম, মাওলানা ইদ্রিস, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ। ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামসহ নেতারা উপস্থিত ছিলেন।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসীন আরাফাত ভূঁইয়া, সহ-সভাপতি আশরাফুল আলম জিহাদুর রহমানসহ বিপুল সংখ্যক ছাত্র-যুবকরাও অংশ নেন।