চট্টগ্রামের চন্দনাইশে চালকের হাত-পা বেঁধে মুখে গামছা গুঁজে দিয়ে মারধর করে সিএনজি চালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ লট এলাহাবাদ চন্দনাইশ-ধোপাছড়ি সড়কের ৩ নাম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বৈলতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ জাফরাবাদ এলাকার বাসিন্দা মৃত আহম্মদ ছফার ছেলে মো. মিজানুর রহমান প্রতিদিনের ন্যায় ভাড়ার বিনিময়ে যাত্রী আনা নেওয়া কালে মঙ্গলবার বিকাল ৪টার সময় দোহাজারী বাজারে থাকাবস্থায় অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি হাশিমপুর ছৈয়দাবাদ খানহাট-ধোপাছড়ি সড়কে মিনি বান্দরবান নামে খ্যাত পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে রিজার্ভ ভাড়ায় সিএনজি ঠিক করে। ৯শ টাকা ভাড়ার বিনিময়ে ওই দুই ব্যক্তিকে নিয়ে চন্দনাইশ-ধোপাছড়ি সড়কে তিন নাম্বার ব্রিজের পরে ইটের রাস্তা দিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ লট এলাহাবাদ এলাকায় পাহাড়ের ভিতর যায়। সেখানে সিএনজি অটোরিকশা থামানোর পর ওই স্থানে আগে থেকে লুকিয়ে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি এবং সিএনজিতে যাত্রী হিসেবে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তিসহ মোট ৪ জন মিলে সিএনজি অটোরিকশা চালককে মারধর করে হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে পাহাড়ের ঢালুতে জঙ্গলে ফেলে রাখে। একপর্যায়ে তারা সিএনজি অটোরিকশা চালকের ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন, সাথে থাকা নগদ ১২০০ টাকা এবং হাতে থাকা সিএনজির চাবি নিয়ে তাসকিন এক্সপ্রেস নামক অনটেস্ট সিএনজি অটোরিকশাটি চালিয়ে সেখান থেকে চলে যায়।
ওই সড়কে ঘুরতে যাওয়া কয়েকজন ব্যক্তি বিকাল পৌণে ৬ টার দিকে সড়কের পাশে পাহাড়ের ঢালুতে হাত-পা বাঁধা এক অপরিচিত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আরো লোকজন ডেকে এনে ওই চালককে উদ্ধার করেন। তারা চালক মিজানুর রহমানের কাছ থেকে নাম্বার নিয়ে সিএনজি অটোরিকশা মালিক মোহাম্মদ ইউনুসকে ফোনে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে চালক মিজানুর রহমানকে নিয়ে থানায় যান।
পরে অজ্ঞতনামা ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিএনজি অটোরিকশা চালক মিজানুর রহমান।
ঘটনার সত্যতা স্বীকার করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, ”তদন্তপূর্বক এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”