লোহাগাড়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসা সেবার গুনগত মান নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ডা. নুসরাত জাহানের সঞ্চালনায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলার প্রত্যেক প্রাইভেট হাসপাতালের জরুরি সেবা বিভাগকে উন্নত করতে হবে। পরীক্ষা-নিরীক্ষা নির্ভুলভাবে করার ব্যবস্থা করতে হবে। রোগীকে অপ্রয়োজনীয় অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার চাপ দেওয়া হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। রেজিষ্টার্ড ডাক্তার ছাড়া কেউ নামের আগের ডাক্তার লিখতে পারবে না বলে তিনি জানান।

সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, লোহাগাড়ায় লাইসেন্স ছাড়া কোন প্রাইভেট হাসপাতাল পরিচালনা করা যাবে না। লাইসেন্স ছাড়া প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীদের বিভিন্ন অভিযোগের সমাধান তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে। উপজেলার সব প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সরকারি নিয়মনীতি মেনে চিকিৎসা সেবা দেওয়ার তিনি আহবান জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সহ-সভাপতি
ডা. আখতার আহমদ, সেক্রেটারি মাহমুদুর রহমান, যুগ্ন-সেক্রেটারী দেলোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।