চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরকে (১৪) পালাক্রমে বলৎকারের (ধর্ষণ) ঘটনায় জড়িত থাকায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার আবুতোরাব এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় একইদিন ওই কিশোরের মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলেন মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আজিজ মান্নান প্রকাশ আফিফ (২৮), একই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের দেলু মেম্বার বাড়ির বদিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৫), মঘাদিয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আবদুর রশিদ ভেলুর ছেলে আইয়ুব খাঁন (৫৮) ও বগুড়া জেলার ধুনট উপজেলার শ্যামলবাড়ি এলাকার কালু ফকিরের ছেলে এনামুল হক (৩৮)। এছাড়া মামলার এজাহারামীয় আসামী মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার মহি উদ্দিনের ছেলে নাহিন (৩০) পলাতক রয়েছে।
ওই কিশোরের মা বলেন, ‘কিছুদিন ধরে আমার ছেলের উপর শারীরিক নির্যাতন করে আসছিল। প্রথমে আফিফ আমার ছেলেকে বলৎকার করে। পরে একে একে আরো ৪ জন আমার ছেলের উপর অত্যাচার করতে থাকে। তারা আমার ছেলেকে বেঁধে অত্যাচার করতো। শনিবার ছেলে আমার বোনকে বিষয়টি খুলে বলে। তারা আমার ছেলেকে শেষ করে দিয়েছে। এখন তার পায়ুপথ দিয়ে পোঁকা বের হচ্ছে। আমার একমাত্র ছেলের সুচিকিৎসা চাই। নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘বিভিন্ন সময়ে ওই কিশোরকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে পায়ুপথে (বলৎকার) করার অপরাধে থানায় এজাহার দায়ের করেন ওর কিশোরের মা। এ ঘটনায় এজাহারনামীয় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সোমবার (১ সেপ্টেম্বর) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।’