চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম খায়ের উদ্দিন ডালিম (৩০)।
শনিবার (৩০ আগস্ট) রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ডালিম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলোকদিয়া গ্রামের রেয়ান উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে বারইয়ারহাট পৌরবাজারের কামার গলিতে পাওয়ার ইলেক্টনিক্স নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
জানা গেছে, ডালিম প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত হন ডালিম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘খায়ের উদ্দিন ডালিমের মরদেহ উদ্ধার করে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাত গাড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’