চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের ১ টি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে চট্টগ্রামমুখী মূল রেললাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও সাইডলাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার ১২ নম্বর খইয়াছরা ইউনিয়নের বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
বড়তাকিয়া রেল স্টেশন সূত্রে জানা যায়, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী (৬০২ ইঞ্জিন নাম্বার) মালবাহী ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল চালু ছিল।
বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মোহাম্মদ শামসুদ্দৌহা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী (৬০২ ইঞ্জিন নাম্বার) একটি মালবাহী ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী টিম এসে প্রায় ৩ ঘন্টা পর উদ্ধার করে।’
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন সিদ্দিকী বলেন, ‘বড়তাকিয়া এলাকায় ডাউন লেইনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলেও এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’