চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাজনগরের সোনারগাঁও এলাকায় অবস্থিত মেসার্স আল মদিনা ব্রিকস নামক একটি ইটভাটার চিমনি ও কীলন গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার (২৭ আগস্ট) বিজ্ঞ চট্টগ্রাম পরিবেশ আদালতের মামলা নং ০৩/২০১১ এর রায়ের আদেশ বাস্তবায়নে এই ইটভাটার চিমনি ও কীলন গুডিয়ে দেয়।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার দক্ষিণ রাজনগরের সোনারগাঁও এলাকায় অবস্থিত মেসার্স আল মদিনা ব্রিকস (AMB) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান।
কামরুল হাসান জানান, অভিযানে মেসার্স আল-মদিনা ব্রিকস ইটভাটাটির ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ও কিলন ধ্বংস করে গুড়িয়ে দেওয়া হয় এবং ২০১১ সালের মামলায় জব্দকৃত ৩ লক্ষ ৫০ হাজার ইট উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। উক্ত নিলাম কার্যক্রমে সর্বোচ্চ দর ডাককারী মোঃ সাইফুজ্জামান ৩,০৮,০০০/- টাকা দরে ডাকায় ৩,৫০,০০০ ইট সকলের উপস্থিতিতে বুঝিয়ে দিয়ে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।
বিজ্ঞ আদালত এর রায় বাস্তবায়ন অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেখার উদ্দিন।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও আনসার বাহিনী।