চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অনুমোদনহীন ও নিবন্ধন ছাড়াই প্রসূতিদের চিকিৎসা সেবা প্রদান এবং প্রেসক্রিপশনে ঔষধ লেখার অপরাধে মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(২৫ আগস্ট) দুপুরে বোয়ালখালী পৌরসভার অলি বেকারি সংলগ্ন এলাকায় রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় নূর দাতব্য চিকিৎসা কেন্দ্রে অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান এবং বোয়ালখালী থানা পুলিশের একটি দল।
বোয়ালখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ও নিবন্ধন ব্যতীত প্রসূতিদের চিকিৎসা সেবা প্রদান , প্রেসক্রিপশনে ঔষধ লেখা প্রভৃতি অপরাধে বোয়ালখালী রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করার অপরাধে রোকেয়া বেগম (৪৮) নামে একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিতে সরকারি অনুমতি ও নিবন্ধন না পাওয়া পর্যন্ত পরবর্তীতে সকল প্রকার চিকিৎসা প্রদান থেকে বিরত থাকতে আদেশ দেয়া হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,নিবন্ধনহীন চিকিৎসা সেবার অপরাধে লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিতে অনুমতি না পাওয়া পর্যন্ত পরবর্তীতে সকল প্রকার চিকিৎসা প্রদান থেকে বিরত থাকতে আদেশ দেয়া হয়েছে।