রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় ডাকাতি, অপহরণসহ একাধিক মামলার এক আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে।

শুক্রবার (২২ আগস্ট) উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ৩নং ওয়ার্ড মৌলানা গ্রাম থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

‎এসময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক, ১৫টি তাজা কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, ২৩টি দেশীয় তৈরী ছোট-বড় পটকা, ৩টি কিরিচ, ২টি ছুরি, ৬টি ধামা, ৪টি দা, ৫টি মোবাইল ও একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

‎গ্রেফতার হওয়া আসামি শফিউল আলম শফি (৩৬)। সে পশ্চিম সরফভাটা মৌলানা গ্রামের বদিউল আলম চেয়ারম্যান বাড়ির মৃত নাজের প্রকাশ কালাবালির ছেলে।

‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় শফিকে। তার বিরুদ্ধে ডাকাতি ও অপহরণের দুটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন