চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের ৯ দিন পরেও উদ্ধার হয়নি মুহাম্মদ সামির(১৩)। সে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উকিলের পাড়ার মৃত নাজিম উদ্দীন ড্রাইভারের ছেলে ও লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হেফজখানার ছাত্র। গত ১৯ জুলাই মাদ্রাসা থেকে সে নিখোঁজ রয়েছে। তার নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন।
জানা যায়, সামিরের বাবা কয়েক বছর আগে মারা যায়। এরপর থেকে দুুই মেয়ে ও সামিরকে নিয়ে তার মা অনেক কষ্টে দিনাতিপাত করে আসছেন। দুই বছর যাবত সামির লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগে পড়ালেখা করে আসছিল। হঠাৎ গত ১৯ জুলাই সকাল ১১:০০ টার দিকে টয়লেটে যাবে বলে মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। একমাত্র পুত্র সন্তানকে খুঁজে না পেয়ে দিশেহারা তার বিধবা মা রাবেয়া বেগম।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এবিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।