দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩৫৬৫ কার্ডধারী পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে পুষ্টি চাল পাবেন। আগামী আগস্ট মাস থেকে সারা দেশের মতো চন্দনাইশেও এই কর্মসূচির চাল পাবেন দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে ভিটামিন এ, বি১, বি১২, ফলিক অ্যাসিড, আয়রন ও জিংক–সমৃদ্ধ পুষ্টি চাল দেওয়া হবে চন্দনাইশে।
চন্দনাইশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থোয়াই মং প্রু মারমা জানান, “সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার আট ইউনিয়নের মধ্যে কাঞ্চনাবাদ ইউনিয়নে ৫৬০, জোয়ারা ২৫৯, বরকল ৪৪৫, বরমা ৫২২, বৈলতলী ৫০৩, সাতবাড়িয়া ৫১২, হাশিমপুর ৪৯৫ ও ধোপাছড়ি ইউনিয়নের ২৬৯ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। বিগত বছরগুলোতে খাদ্যবান্ধব কর্মসূচি ছিল ৫ মাস। এ বছর এই কর্মসূচি সাত মাস চলবে বলে খাদ্য অধিদপ্তর থেকে জানতে পেরেছি তবে এখনো অফিসিয়ালি কোন চিঠি পাইনি।”
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, “শুনেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই পাঁচমাস চাল বিতরণ করা হবে। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরে মার্চ ও এপ্রিলে চাল বিতরণ করা হবে।
গেল বছর খাদ্যবান্ধব কর্মসূচি ছিল ৫ মাস। এ বছর এই কর্মসূচি সাত মাস চলবে বলে শুনেছি তবে এ বিষয়ে এখনো কোন চিঠি/নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে তার আলোকে পদক্ষেপ নেওয়া হবে।”