চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ভাড়া বাসা থেকে মোসলিম উদ্দিন আরমান(২৫) নামের অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পৌর সদরের ৩ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী রোহাই পাড়ায় এ ঘটনা ঘটেছে।পরে রবিবার সকালে লাশ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,মোসলিম উদ্দিন আরমানের বাড়ী পৈতৃক সূত্রে ভোলা জেলায়। তবে দীর্ঘ ৩০ বছর যাবৎ তার পরিবার নিয়ে বোয়ালখালী উপজেলায় ভাড়া বাসায় বসবাস করছেন। আরমানের পিতার নাম মফিজুল হক।
গত সাড়ে তিন বছর আগে আরমান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিংকি আকতারকে বিয়ে করেন। তাদের সংসারে ফারহান নামের দেড় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
নিহত আরমানের বোন নাছিমা আকতার বলেন, পূর্ব গোমদণ্ডী রোহাই পাড়ায় সেমিপাকা বাসা ভাড়া নিয়ে থাকে আমার ভাই ও তার পরিবার। গতকাল রাতে বিরিয়ানি এনে খাওয়া দাওয়া করে রাত ১টার দিকে ঘুমাতে যায়। এসময় স্ত্রী পিংকি আকতারকে নামাজ আদায় করার কথা বলে বসত ঘরের ফাঁকা একটি কক্ষে চলে যায় আরমান। এরপর রাত ২টার দিকেও সে শয়ন কক্ষে না আসায় স্ত্রী পিংকি তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
নিহত আরমানের স্ত্রী পিংকি আকতার বলেন, গত রাতে আনুমানিক রাত ১টার দিকে আমার স্বামীসহ পরিবারের সবাই মিলে খাওয়া-দাওয়া শেষে যার যার শয়নকক্ষে ঘুমাতে যান। পরে তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলে আরমান মাঝখানের খালি কক্ষে চলে যায়। তার ফিরে আসতে দেরি হওয়ায় রাত ২টার দিকে ওই কক্ষে গিয়ে দরজা খোলা এবং ঘরের সিলিংয়ের বাঁশের ডাসার সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্হায় তাকে দেখতে পাই।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানায় তিনি।