চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ তাসমিনা হাসান সাজিদ(১৩) নামে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকায় নানার বাড়িতে থেকে পড়াশুনা করতো।
জানা যায়, উপজেলার আধুনগর ইউনিয়নের মো: আজাদের ছেলে ও লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সে মাদ্রাসা থেকে ফিরে খাবার খেয়ে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। হঠাৎ বাড়ির অদূরে সাতগড়িয়া পাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পুকুরে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিকা জানান, হাসপাতালে আনার আগেই ওই শিশুটি মারা গেছে।