চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মরহুম নাছির উদ্দিনের জানাযার আগমুহুর্তে সংক্ষিপ্ত বক্তৃতায় আসলাম চৌধুরী বলেছেন, যারা জঘন্য খুনের খেলায় মেতেছে, তাদের শাস্তি পেতেই হবে। অচিরেই নাছিরের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাছিরের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, খুনী যতই শক্তিশালী হোক না কেন, আইনের উর্দ্ধে নয়। শান্ত সীতাকুন্ডকে যারা অশান্ত করে তুলে ফায়দা হাসিলের অপচেষ্টা করছেন তাদের রেহাই নেই।
বৃহস্পতিবার বাদে আসর মরহুমের নিজ বাড়ী বাড়বকুণ্ডের হাতীলোটা এলাকায় জানাযায় অংশ নিয়ে আসলাম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। বিএনপি এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের দল। ইতিবাচক রাজনীতিই যার মূল শক্তি।এখানে ঘাপটি মেরে থাকারও সুযোগ নেই। বিএনপিতে সন্ত্রাসী মাস্তানদেরও জায়গা অতীতেও ছিলোনা, এখনও নেই। যারাই অপকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। নাছিরের মতো একজন দলপ্রেমিক নেতার হত্যাকান্ড গভীর ষড়যন্ত্রের অংশও হতে পারে। সবাইকে সতর্ক থেকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
দক্ষিণ রহমত নগর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই আল আজাদের ইমামতিতে মরহুম নাছির উদ্দিনের জানাজা নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, জহুরুল আলম জহুর, মোরসালিন, সালেহ আহমদ সলু, উত্তরজেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, নুরুল আনোয়ার, আবুল বশর, আবুল কালাম আজাদ, মহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, কাজী এনামুল বারী, আবু জাফর, শাখাওয়াত হোসেন রাসেল, আকবর হোসেন, সরোয়ার কামাল, সালামত উল্লাহ, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, জিয়াউদ্দিন, কাজী সেলিম, কোরবান আলী সাহেদ প্রমূখ।