বোয়ালখালী উপজেলায় খালে কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের নাম বিজয় ! রাতের অন্ধকারে কিংবা ভোরে জন্ম নেওয়া সন্তানকে খালে ফেলে দিলে মৃত্যু ঘটবে। খালের কাদার মধ্যে পড়ে থাকা শিশুটিকে শিয়াল-কুকুর খেয়ে নিশ্চিহ্ন করে দেবে। তবে সারা রাত কিংবা ভোরে শীতে কাদার মধ্যে পড়ে থেকেও শিশুটি বেঁচে যায়। আশ্রয় হয় আরেক মায়ের কোলে। কুড়িয়ে পাওয়া ওই নবজাতকের নাম রাখা হয়েছে ‘বিজয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা এলাকার ৭নং ওয়ার্ডের কর্ণফুলী নদীর তীরবর্তী ভারাম্ভা খালের দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা এলাকার ৭নং ওয়ার্ডের কর্ণফুলী নদীর তীরবর্তী ভারাম্ভা খালের ঘাটের উত্তরে জলদাস পাড়ার গৃহবধু মুন্নি জলদাস বলেন, আমি নদীতে স্নান (গোসল) করতে গেলে খালের ওই পাড়ে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পাই।আমি সাঁতরে খাল পার হয়ে দেখতে পাই তোয়ালে ও কাপড় মোড়ানো একটি শিশু কান্না করছে। এ সময় আমি শিশুটিকে কোলে তুলে নিয়েছি। আমি খালের আশেপাশে কাউকে দেখতে না পেয়ে শিশুটিকে ঘরে নিয়ে আসি।
৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা এলাকার ৭নং ওয়ার্ডের মো.হাসান চৌধুরী বলেন, জেলে পাড়ার গৃহবধূ মুন্নী জলদাস নদীতে গোসল করতে গেলে শিশুটিকে দেখতে পেয়ে ঘরে নিয়ে আসেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসী ছুটে যান ঘাটে এবং অনেকে শিশুটিকে দত্তক নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মুন্নি জলদাস নিজেই বাচ্চাটি রাখার সিদ্ধান্ত নিলে এলাকায় একটি বিভ্রান্ত সৃষ্টি হয়। পরে আমি ৯৯৯ ফোন করলে বোয়ালখালী থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাত নবজাতক শিশুটিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং নবজাতক শিশুটির সার্বিক পরিস্থিতির খবর নেন।এ সময় তিনি শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন এবং নাম রাখেন বিজয়। শিশুটি সুস্থ্য রয়েছে বলে জানান বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক।পরবর্তী রওফাবাদে সমাজসেবার ছোটমনি নিবাসে পাঠানো হবে বলে জানায় তিনি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, নবজাতক শিশুকে কে বা কারা রেখে গেছেন সেটা জানা যায়নি। সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুটি উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, অজ্ঞাত নবজাতক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবজাতকটি আপাতত হাসপাতালে থাকবে। পরে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ছোটমনি নিবাসে পাঠানো হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে বিজয়ের জন্য শীতের কাপড়, ওষুধপত্র এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে। নবজাতকের অভিভাবকত্ব নির্ণয় করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বিজ্ঞ আদালতের বলে জানায় তিনি।