আনোয়ারায় কোরিয়ান কেইপিজেডে অবস্থিত আমেরিকান এন্ড ইফার্ড বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানার খাবারের টেন্ডার পেতে ওই কারখানার ডিজিএমকে হুমকি দেওয়ার অভিযোগে থানায় জিডি করেছে কর্তৃপক্ষ। সোমবার কর্ণফুলী থানায় অভিযোগটি করেন ওই কারখানার ডিজিএম (মানব সম্পদ বিভাগ) শেগুফতা গনি।
অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন ও মো. কাইয়ুম খানসহ আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
অভিযোগ ও কেইপিজেড সূত্রে জানা যায়, অভিযুক্তরা ২ মাস পূর্বে ওই কোম্পানিতে খাবারের টেন্ডার পাওয়ার জন্য ডিজিএমকে প্রস্তাব দেন। তখন তাদেরকে কোম্পানি পলিসি অনুযায়ী বিবেচনা করে হবে বলে জানানো হয়। কিন্তু অভিযুক্তরা মোবাইলে প্রতি সপ্তাহে ফোন করে খবর জানতে চায়তো। গত ২০ অক্টোবর তারা বাদীর মোবাইল ফোনে ১ নভেম্বর হতে খাবারের টেন্ডারের কাজ না দিলে নানারকমের ক্ষতি করার হুমকি দেন।। সোমবার বিকাল ৪ টার দিকে বিবাদীদ্বয়সহ অজ্ঞাতনামা ৪/৫ জন একটি মাইক্রোবাসে করে বিনা অনুমতিতে ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করে ডিজিএম’কে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং যাওয়ার সময় ফ্যাক্টরীতে কাজে না যাওয়ার জন্য বাদীকে হুমকি দিয়ে যায়। এসময় তাদেরকে টেন্ডার না দিলে ফ্যাক্টরী বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্তদের মোবাইলে একাধিকবার কল দিলেও তাদের পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. মনির হোসেন বলেন, বিএনপি নেতা ইলিয়াস কাঞ্চন ও মো.কাইয়ুম খানসহ ২ জনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।