মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা

মিরসরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। তার নাম আবু সাঈদ ভূঁইয়া (৪২)। তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি হিসেবে নিয়োজিত রয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া এলাকায় দারুল কোরআন মাদ্রাসার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করছিল একটি প্রভাবশালী চক্র। বিষয়টি জানতে পেরে সংবাদ সংগ্রহে যান আবু সাঈদ ভূঁইয়া। এসময় প্রভাবশালী চক্রের হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলা চালায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। হামলার ঘটনায় শুক্রবার ৮ জনের নাম উল্লেখ করে আবু সাঈদ ভূঁইয়া বাদী হয়ে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দারুল কোরআন মাদ্রাসার পরিচালক ইলিয়াছ নাঈম জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসার চলাচলের রাস্তা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তাঁরা জোরপূর্বক চলাচলের পথ বন্ধ করে দেওয়াল তুলে দিচ্ছিল খবর পেয়ে সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের একটি গ্রæপ উনার উপর অতর্কিত হামলা করে। এসময় মনছুরের বাসার গেইটে তালা লাগিয়ে ভেতরে উনাকে আটকে রাখে। আমরা এই ঘটনায় দোষীদের শাস্তি দাবী করছি।

সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া বলেন, ‘মাদ্রাসার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে আমি সংবাদ সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে যাই। পরবর্তী কিছু বুঝে উঠার আগে হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে একটি গ্রæপ মোটা কাঠ, রড, বাঁশ নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় মাথায় আঘাত লাগে এবং ডান হাতে মারাত্মক জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে আমি মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, মিরসরাই পৌরসভার পূর্ব গোভনিয়া এলাকায় সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনসহ সংবাদকর্মীরা।

আরও পড়ুন