এমপি জসীম উদ্দীনের ব্যক্তিগত সহকারী হলেন ছাত্রদল নেতা নোমান জিহাদ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নতুন ‘ব্যক্তিগত সহকারী’ (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের অন্যতম সদস্য আবদুল্লাহ আল নোমান জিহাদ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সংসদ সদস্যের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ প্রদান করা হয়।

​নবনিযুক্ত ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল নোমান জিহাদ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী (দক্ষিণ পাড়া মাস্টার বাড়ী) এলাকার বাসিন্দা আবদুর শুক্কুর ও নাসিমা আক্তার দম্পতির সন্তান।

​নিয়োগপত্র সূত্রে জানা যায়, ব্যক্তিগত সহকারী হিসেবে আবদুল্লাহ আল নোমান জিহাদ স্থানীয় রাজনীতি ও দলীয় কার্যক্রমের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা। সংসদীয় আসনের সার্বিক সমস্যা, সম্ভাবনা এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা। চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) এলাকার চলমান সরকারি ও স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন পর্যবেক্ষণ করা। এবং সংসদ সদস্য কর্তৃক অর্পিত সময়োপযোগী রাজনৈতিক ও প্রশাসনিক কাজ সম্পাদন করবেন।

​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই নিয়োগের মেয়াদ সংসদ সদস্যের মেয়াদকাল অথবা তাঁর অভিপ্রায়ের ওপর নির্ভর করবে। প্রয়োজনে সংসদ সদস্য যেকোনো সময় এই নিয়োগের শর্তাবলি সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

​গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবদুল্লাহ আল নোমান জিহাদ সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি চন্দনাইশ-সাতকানিয়ার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।