দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক ও প্রাচীন জনপদ দোহাজারীকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমদের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে সর্বস্তরের দোহাজারীবাসী। বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নেমে আসেন শত শত বিক্ষুব্ধ জনতা। সেখানে তারা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সাতকানিয়ার পুরানগড় শাহ্ শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। বক্তব্যে তিনি প্রস্তাবিত ‘উত্তর সাতকানিয়া’ উপজেলা গঠনের বিরোধিতা প্রসঙ্গে দোহাজারীর অবস্থানকে ইঙ্গিত করে তাদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যা দেন বলে অভিযোগ ওঠে। একই সাথে উক্ত বক্তব্যে তিনি উত্তর সাতকানিয়াবাসীকে এক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংসদ সদস্যের এমন বিতর্কিত মন্তব্যের ভিডিও এবং খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই দেশ-বিদেশে অবস্থানরত দোহাজারীর বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। দোহাজারীর সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে পড়ে চরম ক্ষোভ ও অসন্তোষ।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৮ টায় স্থানীয় উত্তেজিত জনতা স্লোগানে স্লোগানে রাজপথে নেমে আসেন। “এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি?”- এমন ঝাজালো স্লোগানে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। বিক্ষোভ মিছিলটি দোহাজারী সদর ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দোহাজারী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখা ক্ষুব্ধ বক্তারা বলেন, “দোহাজারী শুধু একটি প্রশাসনিক বা ভৌগোলিক অঞ্চল নয়, এটি একটি ঐতিহাসিক ও গৌরবময় প্রাচীন জনপদ। এমন একটি মর্যাদাপূর্ণ এলাকা ও তার সাধারণ বাসিন্দাদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যা দেওয়া অত্যন্ত বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও চরম অপমানজনক।”
সমাবেশ থেকে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় নেতৃবৃন্দ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদকে তাঁর এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দোহাজারীবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া হলে পরবর্তীতে লাগাতার রাজপথ অব অবরোধসহ আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।