বাণিজ্য প্রসারে মেলা ইতিবাচক ভূমিকা রাখে : অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী

অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মূল সম্ভাবনা চট্টগ্রাম বন্দরকে ঘিরে। এই বন্দরের উপর শুধু চট্টগ্রামের অর্থনীতি নয়, বাংলাদেশের অর্থনীতিও নির্ভরশীল। তাই চট্টগ্রামকে কেন্দ্র করে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন, আন্তর্জাতিক বিমান বন্দরের সম্প্রসারণ,কার্গো ভিলেজ, লজিস্টিক হাব ও গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী শুক্রবার (২০ নভেম্বর ২০২৬ইং) নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (CITF-2026) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করতে বেসরকারি খাতের অংশগ্রহণ ও পরিচালন দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিমান বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে কার্যক্রম সম্পন্ন হয়েছে।কিছুদনের মধ্যে এর সম্প্রসারণ কাজ শুরু হবে। বিমান বন্দরে কার্গো ভিলেজ, কোল্ড চেইন স্টোরেজ ও আধুনিক পণ্য সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি দুবাইয়ের জেবেল আলী ফ্রি পোর্টের আদলে প্রায় ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে, যেখানে ওয়্যার হাউস ও লজিস্টিক সুবিধা গড়ে তোলা হবে। এসব অবকাঠামো শুধু চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশ ও আশপাশের অঞ্চলকে সেবা দেবে।

মন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম বন্দর একটি নদী বন্দর হওয়ায় বড় জাহাজ চলাচলের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা কাটিয়ে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের জন্য গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। মহেশখালী ও খুলনায় গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামসহ পুরো অঞ্চলের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এনার্জি হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সংকট নিরসনে দুটি নতুন এফএসআরইউ স্থাপন এবং কোরিয়ান ও জাপানি প্রতিষ্ঠানের মাধ্যমে শোর-বেজড গ্যাস অবকাঠামো উন্নয়নের কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্থনীতি বর্তমানে বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অতীতের দুর্নীতি, ঋণের বোঝা, ব্যাংকিং খাত ও শেয়ার বাজারের দুরবস্থা এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানির উচ্চমূল্য অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। আগামী দুই বছর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। সব সমস্যার তাৎক্ষণিক সমাধানের প্রতিশ্রুতি দেওয়া বাস্তব সম্মত নয়।

মন্ত্রী আরো উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, মানি ইজ নো প্রবলেম। অনেকে কথাটির ভুল ব্যাখ্যা করেছেন। মূলত তিনি বোঝাতে চেয়েছিলেন, ভালো ও লাভজনক প্রকল্প গ্রহণ করতে পারলে অর্থায়ন কোনো সমস্যা নয়। যে প্রকল্প লাভজনক হবে, সে প্রকল্পের জন্য অর্থের সংস্থান করা সম্ভব। সেই দর্শনের ভিত্তিতেই সরকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এর ভিত্তিতেই বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এসময় তিনি বলেন সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা এবং অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেন। তাছাড়া দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো ধরনের দুর্বৃত্তায়ন ও নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া যাবে না বলে সতর্ক করেন। অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা শুধু সরকারের একারদায়িত্ব নয়। সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে সরকারের নেওয়া প্রতিটি পরিকল্পনায় প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন রয়েছে। দেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এসময় মন্ত্রী আরো জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের একটি ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করা হয়েছে। এতে চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং সম্মানিত অতিথি সংসদ সদস্য আবু সুফিয়ান। এছাড়াও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চেম্বারের পরিচালক, সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন