পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর স্টেশন রোডস্থ একটি অভিজাত হোটেলের ব্যাংকুইট হলে সমিতির উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নুরুল কবিরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান।
প্রধান বক্তা ছিলেন এডভোকেট ড. সফিকুর রহমান, বিশেষ আলোচক হিসেবে ছিলেন অধ্যক্ষ আ.ন.ম আব্দুস শাকুর।
আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীরা যেন পবিত্র রমজানে সকল পন্যে কম লাভ করে। এ মাস মোসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পাপ মোচনের মাস। সুতরাং আল্লাহর নির্দেশে নিজের ওপর কঠোর সংযম আরোপ করে আধ্যাত্মিক পবিত্রতা ও খোদাভীতি অর্জনের প্রক্রিয়াই হচ্ছে এ মাসের তাৎপর্য।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিসহ সমিতির সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন।এ সময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।