চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ ওয়াগন মেরামত কারখানায় অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুদকের উপ-পরিচালক মোঃ ইমরানের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, কারখানার ভেতরে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ স্ক্রাব অনুমোদিত প্রক্রিয়া ছাড়াই মজুদ রাখা হচ্ছে। এতে চুরি ও পাচারের সুযোগ তৈরি হয়।
অভিযানে দুদক কর্মকর্তারা গিয়ে দেখতে পান, কারখানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোহাজাত সামগ্রী আনুষ্ঠানিক নিলামের মাধ্যমে বিক্রি না করে স্তুপ করে রাখ হয়েছে। অভিযোগ রয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে স্ক্রাব আত্মসাৎ ও গোপনে পাচার করে আসছে।
এ সময় দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট নথি ও বিভিন্ন প্রমাণ জব্দ করেন। অভিযানের সময় কারখানার কর্মকর্তাদের কাছ থেকে ব্যাখ্যাও নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে দীর্ঘদিন ধরে চলমান অনিয়মের সঙ্গে কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা জড়িত থাকতে পারেন।
দুদক কর্মকর্তারা জানান, অভিযানের মাধ্যমে প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এখন এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। তদন্তে দায়ীদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।