বিজ্ঞান চর্চার বিষয়। পুঁথিগত জ্ঞান এখানে কোনো কাজে আসেনা। প্রায়োগিক শিক্ষার মাধ্যমে বিজ্ঞানকে আত্মস্থ করতে হয়। যত বেশি চর্চা হবে, জ্ঞানের ভান্ডার ততই সমৃদ্ধ হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু-কিশোরদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিদ্যায় দক্ষ হওয়ার বিকল্প নেই। চর্চাতেই বিজ্ঞানের জয়যাত্রা নিশ্চিত হয় বলে দাবি করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন
সোমবার (২৬ মে) সকালে সাড়ে ৯টায় নগরীর ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত দাবি করেন।
বিভাগীয় কমিশনার বলেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদের এদেশকে উন্নত করবো এবং বিশ্বে মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করতে বিজ্ঞান চর্চার বিকল্প নেই। অনুষ্ঠানে ১১৪টি প্রজেক্টের প্রত্যেকটি আলাদা আলাদা করে ভিডিও ক্লিপ বানিয়ে আর্কাইভ করে রাখার বিষয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, এম.এম ইস্পাহানী লিমিটেডের পরিচালক মির্জা আলী ইস্পাহানী, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের রেক্টর ও চীফ কো-অর্ডিনেটর লে. কর্ণেল মোঃ মইনুল ইসলাম চৌধুরী (অব.) ও ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী। সরকারী-বেসরকারী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুরুতে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন পরবর্তী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করেন। বিজ্ঞান মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ১১৪টি স্টলে তাদের নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন করেন এবং অতিথিবৃন্দরা স্টল পরিদর্শন করেন। আগামী ২৮ মে বুধবার বিকেলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অনুষ্ঠান সম্পন্ন হবে।