চট্টগ্রামের লোহাগাড়ায় “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ” পালিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যেগে ১ লা আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত সারাদেশের ন্যায় লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সেও “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ” যথাযথভাবে পালিত হয়।
জানা যায়, পুরো সপ্তাহ ব্যাপী র্যালি ও আলোচনা সভা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের বিশেষ কাউন্সিলিং ক্যাম্প, মা ও শিশুর পুষ্টি বিষয়ক স্ক্রিনিং ক্যাম্প এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল ও কলেজ ভিত্তিক মাতৃদুগ্ধ বিষয়ক সচেতনতা কার্যক্রম, পরিবার ভিত্তিক সহায়ক সভা এবং ধর্মীয় উপাসনালয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
মাতৃদুগ্ধ বিকল্প আইন, মাতৃদুগ্ধ শিশু খাদ্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় বাজার ও স্বাস্থ্যকেন্দ্র মনিটরিং কার্যক্রম ও আলোচনা সভা ও প্রতিযোগীদের মাঝে সমাপনী পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে ৭ম দিনে মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপ্তি হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান বলেন, মা ও শিশুর সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়তে আমাদের এই উদ্যোগ। শিশুদের মাতৃদুগ্ধ পানে উৎসাহিত করতে হবে। তাহলেই পুষ্টিকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।