কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কর্মহীন নিম্ন আয়ের ৫০০ পরিবারের মাঝে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব এম এ সালাম কুতুবী,লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে জেলা পরিষদের সহায়তা নিয়ে নিয়মিত ছুটে যাচ্ছেন।