বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। একইসাথে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেবিল টেনিস এক্সপ্যানশন ইনিশিয়েটিভ (টিটিইআই) প্রোগ্রাম (বান্দরবান)-এর কার্যক্রমও শুরু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় একাডেমি ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), পুলিশ সংস্কার কমিশনের সদস্য-সচিব এবং টিটিইআই প্রোগ্রামের চেয়ারপারসন আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রোটারিয়ান মো. সাইদুল হক সাদি। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর যুগ্মসচিব মো. কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ বিমানের পাইলট ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ.এম. মাকসুদ আহমেদ সনেটসহ টেবিল টেনিস ফেডারেশনের জাতীয় কোচ ও ক্রীড়াবিদরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ প্রাঙ্গণে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একাডেমি ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রধান অতিথি ও গেস্ট অব অনার শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনী টেবিল টেনিস খেলা উপহার দেন, যা উপস্থিত সবাই উপভোগ করেন।
পরে নেয়ামাতান হলে উদ্বোধনী সভায় ৮ শতাধিক শিক্ষার্থী, শতাধিক শিক্ষক, ক্ষুদে টেবিল টেনিস ক্রীড়াবিদ, কর্মকর্তাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বপ্ন দেখান।
এসময় টিটিইআই প্রোগ্রামের পক্ষ থেকে একাডেমিকে একটি টিটি টেবিল, ব্যাট, বল, জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা জিমন্যাস্টিকস প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য, দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে প্রতিষ্ঠিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ইতোমধ্যে শিক্ষা ও ক্রীড়ায় অনন্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটিতে সুবিধাবঞ্চিত ২২ জনগোষ্ঠীর আড়াই সহস্রাধিক শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে।