চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুইটি বসতঘর পুড়ে গেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ জামিজুরী বড়ুয়াপাড়া এলাকায় পুলিন বিহারি বড়ুয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জামিজুরী নিন্ম মাধ্যমিক বালক বিদ্যালয়ের শিক্ষক উজ্জল বড়ুয়া জানান, অগ্নিকান্ডে বড়ুয়াপাড়া এলাকার পুলিন বিহারি বড়ুয়ার দুই ছেলে স্বপন বড়ুয়া ও রতন বড়ুয়ার বসতঘরের চারটি কক্ষের সকল আসবাবপত্র, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার পুড়ে গেছে । এতে আনুমানিক দশ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর কামরুল হাসান জানান, “অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় পৌণে এক ঘন্টার চেষ্টায় অগ্নি নির্বাপণ করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।”