ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে পদোন্নতি ও বদলি বাণিজ্যের অভিযোগ

 

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহার বিরুদ্ধে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে ব্যাপক পদোন্নতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরির মেয়াদ শেষ পর্যায়ে থাকায় তিনি তড়িঘড়ি করে বিপুল অঙ্কের অনৈতিক লেনদেনের মাধ্যমে এই সিন্ডিকেট চালাচ্ছেন বলে ভুক্তভোগী সাধারণ কর্মচারীরা অভিযোগ তুলেছেন। এই অনিয়মের সঙ্গে অফিসের কিছু অসাধু কর্মচারী জড়িত রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিসের একটি শক্তিশালী সিন্ডিকেট এই বাণিজ্যের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এর মধ্যে অন্যতম হলেন পরিসংখ্যান ভারপ্রাপ্ত (মূল পদ স্বাস্থ্য সহকারী) মফিজ উদ্দিন, যিনি বর্তমানে পদোন্নতির মাধ্যমে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হয়েছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর গ্রেডেশন তালিকায় তার নাম রয়েছে। অভিযোগ রয়েছে, এই মফিজ উদ্দিনের মাধ্যমেই বিভিন্ন কর্মচারীদের কাছ থেকে পদোন্নতি ও অনুকূল বদলির নামে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করা হচ্ছে।

অনুসন্ধানে আরও জানা যায়, এই কার্যালয়ের আরেক কর্মচারী মুখলেস রহমান, যাঁর মূল পদ ছিল সিকিউরিটি গার্ড। তিনি সম্পূর্ণ অবৈধ উপায়ে ও মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে প্রথমে অফিস সহকারী এবং পরবর্তীতে ক্যাশিয়ার পদ হাতিয়ে নেন।

সরকারি বিধিমালা অনুযায়ী, পরিচালক কার্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হিসাব রক্ষক’ পদে পদায়নের জন্য ক্যাশিয়ার হিসেবে ন্যূনতম ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অথচ, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা সকল নিয়ম-নীতি লঙ্ঘন করে কোনো অভিজ্ঞতা ছাড়াই মুখলেস রহমানকে ক্যাশিয়ার থেকে সরাসরি হিসাব রক্ষক পদে বসিয়ে দিয়েছেন। বর্তমানে মফিজ উদ্দিন ও মুখলেস রহমানের সমন্বয়ে গঠিত এই সিন্ডিকেটই পুরো কার্যালয়ের বদলি ও পদোন্নতির অলিখিত নিয়ন্ত্রণ করছে বলে সাধারণ কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের দাবি, বর্তমান স্বাস্থ্য পরিচালকের চাকরির মেয়াদ শেষের দিকে হওয়ায় তিনি কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে কোটি কোটি টাকার এই বদলি ও পদোন্নতি বাণিজ্য চালাচ্ছেন। এর ফলে যোগ্য ও সিনিয়র কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের এই ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাধারণ কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন যে, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহার অবসরে যাওয়ার আগে তাঁর এবং এই সিন্ডিকেটের সমস্ত আর্থিক অনিয়মের সঠিক তদন্ত করা হোক এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর পেনশনের সকল কার্যক্রম স্থগিত রাখা হোক।