আইইবি নির্বাচনে চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা

আইইবি নির্বাচন ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) রাত ৮টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল আলমের সভাপতিত্বে এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ মোস্তফা জামালের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রেজেন্টেশন উপস্থাপনার মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্থানীয় নির্বাচন কমিটির সদস্য প্রকৌশলী মোঃ শফিকুর রহমান।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোঃ নুরুল আলম আসন্ন আইইবি নির্বাচন সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকল প্রিজাইডিং অফিসারকে নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচন পরিচালনা, প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্য এবং নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় বিষয়াদি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্থানীয় নির্বাচন কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং আইইবি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।