“করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালি ও শোভাযাত্রায় বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া এবং মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া।
ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাতঘাটিয়া পুকুরপাড় ব্যবসায়ী সমিতির প্রতিনিধি আজিজুর রহমান, পাঠানদন্ডি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মহিউদ্দিন, মার্টিন মাল্টিপারপাসের সভাপতি সর্দার ইউসুফ আলী বাবুল, যুথী মাল্টিপারপাসের বসুপ্রিয় তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী সমবায় ব্যবস্থা গড়ে তুলতে পারলে কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, ক্ষুদ্র উদ্যোক্তারা পুঁজি ও প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।”
তিনি আরও বলেন, “প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন গ্রামের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন। এ লক্ষ্য অর্জনে সমবায় হতে পারে অন্যতম প্রধান হাতিয়ার।”
সভার শুরুতে এবং সমাপনী পর্বে সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা, সমবায়ীদের স্বাবলম্বী করে তোলা এবং জাতীয় অর্থনীতিতে সমবায়ের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।