চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে দোহাজারী গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ র্যালির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ আলম আনুষ্ঠানিকভাবে র্যালিটির উদ্বোধন করার পর র্যালিটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌর সদর ও দোহাজারী ব্রিজ প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধমূলক নির্দেশনা সম্বলিত রঙ-বেরঙের প্লে-কার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় ‘ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ি, সুস্থ-সুন্দর জীবন নিশ্চিত করি’ সহ নানা সচেতনতামূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমাবদ্ধ পানি দূর করা এবং নিয়মিত মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল তাঁদের এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও পৌর সদরের প্রধান এলাকায় আয়োজিত এই কর্মসূচি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এডভোকেট রিদুয়ানুল হক, এডমিন ডিরেক্টর ওবাইদুল আকবর টুটুল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, মো. ইউনুছ, শফিকুল ইসলাম রাহী, অধ্যক্ষ রাকিব হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।