চবি হীরকজয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর চবি ক্যাম্পাসে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগামী ১২ নভেম্বর পর্যন্ত ১হাজার টাকা ফি দিয়ে নিবন্ধন করা যাবে।

শুক্রবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলার ভিআইপি কক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান। অনুষ্ঠানে তিনি হীরকজয়ন্তী উদ্‌যাপনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছয় দশকে দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষা, গবেষণা, প্রশাসন, বিচার বিভাগ, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা-বাণিজ্য, সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বলেন, হীরকজয়ন্তী কেবল অতীতের গৌরব স্মরণের আয়োজন নয়; বরং বিশ্ববিদ্যালয়ের অর্জন মূল্যায়ন, সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার দিকনির্দেশনা নির্ধারণেরও উপলক্ষ। এ আয়োজনের মধ্য দিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপাচার্য জানান, হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকবে সর্বজনীন র‍্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, নাট্যকলা ও সংগীত বিভাগের পরিবেশনা এবং মেলা।

সংবাদ সম্মেলন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সিনেটন আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব, চবি এলুমনি মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

উল্লেখ্য, ৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। রেজিস্ট্রেশন ফরমে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসার বিষয়টিও উল্লেখ করতে হবে।

আরও পড়ুন