মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে গ্রাহকদের আধুনিক, দ্রুত ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বারইয়ারহাট বাজারের আবুল কোম্পানি মার্কেটে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট বাজার শাখার আওতাধীন বুথটি বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের চট্টগ্রাম উত্তরাঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক এ কে এম মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক দিদারুল আলম মিয়াজী। পূবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিঠাছড়া শাখার ব্যবস্থাপক এরশাদ মুরাদ চৌধুরী, বড়তাকিয়া শাখার ব্যবস্থাপক মাইনুদ্দিন, জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুর রহমান এবং করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমেদ উল্লাহ।

এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ মুসা, ফারুক, লুৎফুর রহমান, সিরাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এম আনোয়ার হোসেন, এম মাঈন উদ্দিন এবং স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মাসুদ বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের সময় ও ভোগান্তি কমিয়ে ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করাই আমাদের অন্যতম লক্ষ্য। ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালুর মাধ্যমে গ্রাহকেরা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা গ্রহণের আরও সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে ব্যাংকিং কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো, লেনদেনে স্বচ্ছতা বাড়ানো এবং গ্রাহকদের আধুনিক সেবার আওতায় আনতে ক্যাশলেস ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবার অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।’

বিশেষ অতিথির বক্তব্যে দিদারুল আলম মিয়াজী বলেন, বারইয়ারহাট একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সহজলভ্য হলে ব্যবসায়িক লেনদেন আরও গতিশীল হবে এবং গ্রাহকেরা উপকৃত হবেন।

সভাপতির বক্তব্যে ফারুক হোসাইন মাহমুদ বলেন, ‘গ্রাহকদের চাহিদা অনুযায়ী উন্নত ও মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। নতুন এই বুথের মাধ্যমে বারইয়ারহাট বাজারের গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।’