চন্দনাইশে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

​র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উক্ত মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে আত্মরক্ষা এবং করণীয় বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি জোরদার করতে হবে।”

​উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঞার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান এবং কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া।

​এ সময় স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর কামরুল হাসানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একদল চৌকস কর্মী ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় উদ্ধার তৎপরতা ও জীবন রক্ষায় করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

আরও পড়ুন