রাঙ্গুনিয়া পৌরসভার বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভায় হোল্ডিং ট্যাক্স বা পৌর কর অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার বাড়ির মালিক, ব্যবসায়ী, সাধারণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নাগরিক সেবা যথাযথভাবে নিশ্চিত না করেই প্রায় ৪০ শতাংশ পৌর কর বৃদ্ধি করা হয়েছে। এতে সাধারণ নাগরিকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। কর নির্ধারণে স্বচ্ছতা ও সমন্বয়ের ঘাটতি রয়েছে বলেও তারা দাবি করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র প্রার্থী ভিপি আনছুর উদ্দিন।

বক্তব্যে ভিপি আনছুর উদ্দিন বলেন, “নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগে নাগরিকদের উপযুক্ত সেবা নিশ্চিত করতে হবে, তারপর কর পুনর্বিবেচনা করা উচিত।”

তিনি বলেন, বর্ধিত পৌর কর প্রত্যাহার অথবা যৌক্তিক পর্যায়ে না আনা পর্যন্ত সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

মানববন্ধন শেষে বক্তারা বর্ধিত কর পুনর্বিবেচনা করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থা প্রণয়নের দাবি জানান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক একতিয়ার হোসেন, মো. ছাদেক, ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও ছাত্রদল নেতা ফারুকুল ইসলাম প্রমুখ।