জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কোস্ট ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের সদর ও কুতুবদিয়া উপজেলায় ৮ হাজার ৮৫৬টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় এবং কোস্ট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ (RHL)’ প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় কুতুবদিয়া উপজেলার তিনটি ইউনিয়নে ২৬৯ জন উপকারভোগীর মাঝে ৩ হাজার ৪৯০টি গাছের চারা এবং সামাজিক বনায়নের উদ্দেশ্যে ২৩টি প্রতিষ্ঠানে (মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ) আরও ১ হাজার ৭৫টি সহ সর্বমোট ৪ হাজার ৫৬৫টি গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়াও, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে ১৮৬ জন উপকারভোগীর মাঝে ২ হাজার ১৪৫টি গাছের চারা এবং সামাজিক বনায়নের লক্ষ্যে ৩৩টি প্রতিষ্ঠানে ২ হাজার ১৩৭টি সহ সর্বমোট ৪ হাজার ২৯১টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

কুতুবদিয়া উপজেলায় অনুষ্ঠিত গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মারুফ। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও সামাজিক বনায়নের গুরুত্ব তুলে ধরে উপকারভোগীদের নিজ নিজ বাড়ির আঙিনা ও প্রতিষ্ঠানে সঠিকভাবে চারা রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান।

কোস্ট ফাউন্ডেশনের আরএইচএল প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং অনিয়মিত বৃষ্টিপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব ঝুঁকির সঙ্গে খাপ খাইয়ে নিতে উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা জরুরি। আর এই লক্ষ্যেই আরএইচএল প্রকল্পের আওতায় জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হচ্ছে।