জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‌্যালী

‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানবীর আহসান। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এয়ার মাহবুব মুছা অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, মৎস্য খাত শুধু মানুষের আমিষের চাহিদা পূরণ করছে না, এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও গ্রামীণ মানুষের স্বাবলম্বিতার অন্যতম গুরুত্বপূর্ণ খাত। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়াতে পারলে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যচাষিদের আয়ও বৃদ্ধি করা সম্ভব।

তিনি বলেন, মৎস্যচাষিদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহযোগিতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে খাল-বিল, পুকুর ও অন্যান্য জলাশয় সংরক্ষণের মাধ্যমে দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, উপজেলা কৃষি কর্মকর্তা কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিম আহমেদ জাকির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজি নুরুল আলম চৌধুরী, এনসিপির লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দিন, সফল মৎস্যচাষি মো. জাহেদুল ইসলাম ও সাদেকুল মওলা, সমাজসেবক নুরুল ইসলাম সিকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় তিনজন সফল মৎস্যচাষির হাতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেওয়া হয়।